সাদুল্লাপুরে ঘাঘট নদীর ভাঙন: ক্ষতির মুখে বসতভিটা, ফসলি জমি ও কবরস্থান
সাদুল্লাপুর, গাইবান্ধা, ২৮ জুন ২০২৬:
সাদুল্লাপুর উপজেলার চক দাঁড়িয়া এলাকায় ঘাঘট নদীর ভয়াবহ ভাঙন পরিদর্শন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সাদুল্লাপুর। আজ এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনকালে দেখা যায়, বৃষ্টি হলেই নদী ভাঙন তীব্র হয়ে ওঠে। এতে এলাকার বসতভিটা, আবাদি জমি এবং কবরস্থান একে একে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয়রা বলছেন, এই ভাঙন তাদের জন্য চরম কষ্ট ও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পরিদর্শনকালে নদী ভাঙনের পরিমাপ নেওয়া হয়। পরিমাপ অনুযায়ী, ভাঙনকৃত অংশের দৈর্ঘ্য প্রায় ১২০০ ফিট এবং স্লোপ ৫৫ ফিট।
এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, জামালপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।
পরিদর্শনকারী কর্মকর্তারা জানান, এই ভাঙনরোধ কাজটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, গাইবান্ধা। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে কাজ বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ঘাঘট নদীর এই ভাঙন এলাকাবাসীর জন্য চরম হুমকিতে রূপ নিতে পারে।